হবিগঞ্জ-৩ আসনে প্রায় ৪০০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা পৌরসভায় ১৮০ কোটি, সদর-শায়েস্তাগঞ্জ-লাখাইয়ে ২০০ কোটি টাকার প্রকল্প
হবিগঞ্জ-৩ নির্বাচনী এলাকায় প্রায় ৪০০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছের উদ্যোগে এসব প্রকল্প গ্রহণ করা হয়।
সোমবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক পরামর্শ সভায় উন্নয়ন প্রকল্পগুলোর পরিকল্পনা গ্রহণ করা হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ।
সভায় হবিগঞ্জ পৌরসভার উন্নয়নে প্রায় ১৮০ কোটি টাকার বিভিন্ন প্রকল্প নেওয়া হয়। এসব প্রকল্পের মধ্যে রয়েছে চৌধুরী বাজার ও সিনেমা হল বাজারে আধুনিক কিচেন মার্কেট নির্মাণ, পুরোনো পৌরসভা সড়কে আধুনিক বহুতল ভবন নির্মাণ, ট্রাক টার্মিনাল স্থাপন এবং শহরের ড্রেন, কালভার্ট ও রাস্তাঘাটের উন্নয়ন।
এ ছাড়া হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ ও লাখাই উপজেলায় প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন সেতু-কালভার্ট নির্মাণ, গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন ও অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে।
পরামর্শ সভায় হুইপ জি কে গউছ বলেন, উন্নয়নের সুফল যেন সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে এবং দীর্ঘমেয়াদে এলাকার যোগাযোগব্যবস্থা ও নাগরিক সুবিধার উন্নতি হয়—সেই বিষয়টি বিবেচনায় রেখেই প্রকল্পগুলো গ্রহণ করা হচ্ছে।
সভায় হুইপের পিএস আমিন আল পারভেজ, হবিগঞ্জ পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আবু জাহের, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে হবিগঞ্জ পৌরসভার নাগরিক সুবিধা ও অবকাঠামোতে দৃশ্যমান পরিবর্তন আসবে। পাশাপাশি সদর, শায়েস্তাগঞ্জ ও লাখাই উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, সেতু-কালভার্টসহ যোগাযোগ অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে এসব এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থাতেও নতুন গতি আসবে।
























