বাহুবলে পিকআপ-কাভার্ড ভ্যানের সংঘর্ষে শ্রমিক নিহত, আহত ৪
হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে মিনি পিকআপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আনিস হাওলাদার (৪৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার মিরপুরে সাগর ব্রিক ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত আনিস হাওলাদার পিরোজপুরের নাজিরপুর থানার মিঠারকুল গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন নির্মাণ প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করতেন।
পুলিশ জানায়, সকালে সাগর ব্রিক ফিল্ডের সামনে একটি মিনি পিকআপের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা আনিস হাওলাদার ঘটনাস্থলেই মারা যান। আহত চারজনকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল ও বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মাকসুদ হোসেন জানান, নিহত ব্যক্তির মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে হাইওয়ে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।















