শায়েস্তাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন
‘করব সমবায়, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। পরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এরপর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা সমবায় কর্মকর্তা হাসনা হেনার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা একরামুল হোসেন।
উপজেলা আইসিটি কর্মকর্তা কাউছার আহমেদের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, জনতার দলিল সম্পাদক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, সমবায় নেত্রী বীর মুক্তিযোদ্ধা ফাতেমা বেগম, শামীম মিয়া ও ইকবাল হোসেনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
সভায় বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং স্বনির্ভর অর্থনীতি গড়ে তুলতে সমবায় আন্দোলনের গুরুত্ব অপরিসীম। সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়ন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
তাঁরা আরও বলেন, সমবায়কে আরও শক্তিশালী করতে হলে সমবায় কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সমবায়ভিত্তিক উদ্যোগকে জনমুখী করে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।















