চুনারুঘাট রেমা-কালেঙ্গা বন বিভাগের অভিযানে ১৭ হাজার মুলি বাঁশ জব্দ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা বন বিভাগের অভিযানে সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে কাটা ও মজুদ করা প্রায় ১৭ হাজার মুলি বাঁশ জব্দ করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) রেমা – কালেঙ্গা বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল উপজেলার মিরপুর এলাকায় এ অভিযান চালিয়ে এসব বাঁশ জব্দ করা হয়। রেমা-কালেঙ্গা বনাঞ্চল হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবস্থিত।
প্রায় ১৭৯৫ হেক্টর আয়তনের এ বনে বৈচিত্র্যময় উদ্ভিদ ও বন্যপ্রাণীর আবাস রয়েছে। তবে অবৈধ গাছ কাটা, বাঁশ উত্তোলন ও পাচারের কারণে বনের প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়ছে বলে পরিবেশবিদ ও স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন। বন বিভাগ সূত্র জানায়, সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে বাঁশ কেটে পাচার করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানের সময় অবৈধভাবে কাটা ও মজুদ করা বাঁশগুলো জব্দ করা হলেও ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে জব্দ করা প্রায় ১৭ হাজার মুলি বাঁশ স্থানীয় বন অফিসে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্র ও বন কর্মকর্তাদের মতে, সীমান্তবর্তী এলাকায় সংঘবদ্ধ চক্রের তৎপরতায় বন উজাড়ের ঘটনা বাড়ছে। এ কারণে বন বিভাগ সময় সময় বিশেষ অভিযান পরিচালনা করে আসছে।
কালেঙ্গা বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন জানান, সংরক্ষিত বন ও এর আশপাশের এলাকায় অবৈধ কার্যক্রম রোধে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত আছে। তিনি আরও বলেন, বন রক্ষায় আমাদের প্রচেষ্টা চলমান। যে-কোনো অবৈধ তৎপরতার খবর পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এসব বাঁশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
























