হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বানিয়াচংয়ে পূর্ববিরোধের জের ধরে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ শামসুল শেখের নাতি জায়েদুল মিয়াকে (২৬) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন৷ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মন্দরি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জায়েদুল মিয়া ওই গ্রামের লোকমান মিয়ার ছেলে।
নিহতের স্বজনদের দাবি, মন্দরি গ্রামে মজিদ খান ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার সকালে হাওরে কৃষিকাজ শেষে বাড়ি ফিরছিলেন সাবেক চেয়ারম্যান শামসুল হকের নাতি জায়েদুল মিয়া। পথিমধ্যে প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক জায়েদুল মিয়াকে মৃত ঘোষণা করেন।
মন্দুরী গ্রামের মিজান মিয়া বলেন, সাবেক চেয়ারম্যান শেখ শামসুল হক ও মজিদ খানের গোষ্ঠীর মধ্যে বিরোধ চলে আসছিলো৷ এরই জের ধরে আজ শুক্রবার সকালে শামসুল হকের নাতি জায়দুল হাওরে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে আহত করে৷ পরে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান৷
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বলেন, ‘মন্দরি গ্রামে শামসুল হক ও মজিদ খানের গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখছি।’





















