শায়েস্তাগঞ্জে দেশ নাট্যগোষ্ঠীর ৩৩ বছর পূর্তি উদ্যাপন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন দেশ নাট্যগোষ্ঠীর ৩৩ বছর পূর্তি আনন্দঘন পরিবেশে উদ্যাপন করা হয়েছে। দীর্ঘ ৩৩ বছরের পথচলায় নাট্যচর্চা, সংস্কৃতির বিকাশ এবং সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করার প্রত্যয়ে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
শুক্রবার সন্ধ্যায় সংগঠনের ‘দেশমঞ্চে’ সংগীত, আবৃত্তি, নৃত্য, আলোচনা সভা ও নাটক পরিবেশনার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।
‘নাটক হোক শৃঙ্খলিত মানুষের মুক্তির গান’ স্লোগান সামনে রেখে প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশ নাট্যগোষ্ঠী শায়েস্তাগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নাটকের মাধ্যমে সমাজের নানা অসংগতি তুলে ধরা, তরুণ প্রজন্মকে সংস্কৃতিমুখী করা এবং স্থানীয় শিল্পী ও সংস্কৃতিকর্মীদের প্রতিভা বিকাশে সংগঠনটির অবদান সর্বমহলে প্রশংসিত। ৩৩ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই উদ্যাপন সংগঠনের সদস্য, শুভানুধ্যায়ী ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।
সংগঠনের সভাপতি হারুন সাঁইয়ের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক কামরুল হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান আ স ম আফজাল আলী, জেলা কালচারাল অফিসার অসীত বরণ দাস গুপ্ত, জেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সহকারী অধ্যাপক নাসরিন হক, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, দেশ নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সদস্য জিতু আহমেদ মাখন, সাধারণ সম্পাদক মো. মুখলিছুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সুমন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ সংস্কৃতিচর্চা একটি আলোকিত ও মানবিক সমাজ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশ নাট্যগোষ্ঠী আগামী দিনেও নাট্যচর্চার ধারাবাহিকতা বজায় রেখে নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংস্কৃতি, মুক্তচিন্তা ও সামাজিক সচেতনতা ছড়িয়ে দিতে কার্যকর ভূমিকা রাখবে বলে সবাই প্রত্যাশা ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে হারুন সাঁইয়ের নির্দেশনায় ইম্প্রোভাইজেশন নাটক ‘টাক বদন’ মঞ্চস্থ হয়।













