হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে বৃক্ষরোপণ প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ভিশন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর: আহমেদ আলী মুকিব
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিস প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অরুন কৃষ্ণ পাল, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী ইসমত কামাল, ডিজিএম (টেকনিক্যাল) প্রকৌশলী এমএস সাইদুর রহমান, হুমায়ুন কবির, রকিবুল ইসলাম, আতিকুর রহমান আতিক, জেলা পরিষদের কর্মকর্তা ইকবাল হোসেন ও মুসাহিদ আহমেদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, সাধারণ সম্পাদক কামরুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ, সৈয়দ মোহাম্মদ মাসুক, শায়েস্তাগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাসেল আহমেদ রাফেল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিলন, বোঝেনা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাকিবুল ইসলাম নওশাদ, সাইমন, কলেজ ছাত্রদলের সভাপতি মোজাম্মেল, দুলাল মিয়া, সাইদুল ইসলাম জয়, নজরুল ইসলামসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা।
বৃক্ষরোপণ শেষে জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব বলেন, “আমরা মাননীয় প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ভিশন বাস্তবায়নে বদ্ধপরিকর। হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে এ বছর প্রায় দুই হাজার বৃক্ষরোপণ করা হবে। জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম চলমান রয়েছে। পর্যায়ক্রমে আমরা আরও বৃক্ষরোপণ করব।”
তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। এ লক্ষ্য বাস্তবায়নে হবিগঞ্জ জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে।















