শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
জেলার ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে দশম শ্রেণির প্রাক্-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ ও এসএসসি পরীক্ষা ২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি উপজেলা মৎস্য কর্মকর্তা কনিক চন্দ্র শর্মার সভাপতিত্বে ও স্কুলের শিক্ষক মোঃ চুনু মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রদান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামান।
অভিভাবক সমাবেশের আলোচনা সভায় বক্তব্য রাখেন- স্কুলের প্রধান শিক্ষক হারুনুর রশিদ তালুকদার, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মহিবুর রহমান, পৌর যুবদলের সদস্য সচিব সাবেক পৌর কাউন্সিলর ফাহিন হোসেন, মোঃ শাহজাহান মুরুব্বী, প্রেসক্লাব সভাপতি মঈনুল হাসান রতন, অভিভাবক সৈয়দ ফয়সল আহমেদ, স্কুলের অভিভাবক সদস্য গনেশ সূত্রধর প্রমুখ।
আলোচনা সভা শেষে দশম শ্রেণির প্রাক্-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। দেওয়া হয় এসএসসি পরীক্ষা ২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্কুলে ক্রীড়া সামগ্রী প্রদান করেন ইউএনও মোঃ আসাদুজ্জামান।এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু ও ভূমির বিশেষ আলোচনা পেশ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তৎকালীন জমিদার সতীষ চন্দ্র দেব জমি দান করলে ১৯১৮ সালের স্কুলটির যাত্রা শুরু হয়। ২০১৮ সালে স্কুলের শতবর্ষ পালন হয়েছে। এ স্কুলের শত শত ছাত্র দেশের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে রয়েছেন।
বক্তারা বলেন, ২০১৭ সালের শায়েস্তাগঞ্জ উপজেলা হয়েছে। এখন সময়ের দাবি এ স্কুলটি সরকারিকরণ হওয়ার। স্কুলের উন্নয়নে সরকারি বরাদ্দ প্রয়োজন। এবারের এসএসসিতে স্কুলের শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করেছে। স্কুলের অগ্রযাত্রায় আমরা পাশে আছি।














